জনপদ

নোয়াখালীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নোয়াখালীর চাটখিলে মো.খোকন নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই যুবককে  পিটিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (৫ এপ্রিল) রাতে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খোকন উপজেলার চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো.ফারুক হোসেনের ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন খোকন।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্যত্র নিয়ে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপের মধ্যে ফেলে যায়। রোববার রাতে স্থানীয়রা ঝোঁপের মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, এটি প্রাথমিকভাবে হত্যাকান্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বিষয়:নোয়াখালীপুড়িয়ে হত্যামরদেহ উদ্ধার
প্রতিবেদক

আলাউদ্দিন শিবলু

নোয়াখালী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…