চাচাতো ভাইয়ের দায়ের কোপে যুবক নিহত

ঢাকার জেনারেল হাসপাতালের প্রবেশদ্বার, রোগী ও দর্শনার্থীদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কলার ছড়ি পারাকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে নাছির উদ্দীন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত যুবক নাছির উদ্দীন একই গ্রামের আব্দুল করিম মঙ্গলের ছেলে। অভিযুক্ত যুবক স্বপন (২৮) একই গ্রামের মৃত আবদুল বাতেন। সম্পর্কে তারা চাচাতো ভাই।
বরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হুদা রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি বর্তমানে কিশোরগঞ্জ জেলা শহরে ডিসি অফিসে মিটিংয়ে রয়েছি। তবে যেটুকু জানতে পেরেছি তাহলো- বাড়ির সামনের জমি নিয়ে দুই পরিবারের বিরোধের জেরেই সকালে এ ঘটনা ঘটেছে। সকালে কলার ছড়ি পারতে যাওয়াকে কেন্দ্র করে বাতেনের ছেলে স্বপনের দায়ের কোপে সে মারা যায়।
ওসি মো. সারোয়ার জাহান জানান, মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।







