মরক্কোর মধ্যাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহদের সংখ্যা বেড়ে ৬৩২ এ গিয়ে ঠেকেছে। ভূমিকম্পটি ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। এই ভূমিকম্পকে ‘মরক্কো ট্রাজেডি’ উল্লেখ করে বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন। এছাড়াও সহযোগিতার হাত বাড়াচ্ছে ইসরাইলসহ কয়েকটি রাষ্ট্র।
শনিবার ৯ সেপ্টেম্বর আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসব শোক বার্তার তথ্য জানানো হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এক এক্স (টুইটার) বার্তায় বলেন, ‘মরক্কোতে ঘটে যাওয়া এই ভূমিকম্পে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।’
তিনি বলেন, এই সময়ে আমার সবচেয়ে বেশি চিন্তা মরক্কোর ওই সকল জনগণের, যারা প্রিয়জনকে হারিয়েছেন। তাদের প্রতি সমবেদনা।’
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ‘বিধ্বংসী’ ভূমিকম্পের পর শোক প্রকাশ করেন। এসময় তিনি ভূমিকম্পে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান।
জি-২০ সম্মেলনে অংশ নেওয়া এই নেতা টুইটারে লিখেন, এই কঠিন সময়ে আমরা ‘বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য চিন্তা করছি। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমরা সহানুভূতি জানাই।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মরক্কো ভূমিকম্পকে এক ‘ভয়াবহ ট্র্যাজেডি’ উল্লেখ করে শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভয়াবহ এই ট্রাজেডিতে নিহতদের স্বজনদের প্রতি আমাদের সমবেদনা।
এক্স বার্তায় তিনি লিখেন, ‘এই ভয়ঙ্কর ভূমিকম্পের প্রেক্ষিতে মরক্কোর জনগণের প্রতি আমার সমস্ত সংহতি এবং সমর্থন। স্পেন এই ট্র্যাজেডির শিকার এবং এর পরিবারের সাথে আছে সকলের প্রতি সমবেদনা জানাচ্ছে।’
অন্যদিকে মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রমে সহায়তা প্রদান করতে দল পাঠাতে যাচ্ছে ইসরাইল। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সরকার ঘোষণা করেছে, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় মরক্কোতে পাঠানোর জন্য একটি বড় দল প্রস্তুত করছে।
প্রস্তুত দলটি এরই মধ্যে রাবাতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে এবং মরক্কোর পর্যটকদের মধ্যে কোন ইসরায়েলি হতাহতের ঘটনা ঘটেছে কি-না তা খবর রাখছে। তবে এখন পর্যন্ত ইসরায়েলি হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভূমিকম্পে ‘বিধ্বস্ত’ মরক্কোতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। ফরাসি এই নেতা বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মরক্কোতে এখন পর্যন্ত ৬৩২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতদের পরিবারের প্রতি আমদের পক্ষ থেকে সমবেদনা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। এক এক্স বার্তায় তিনি বলেন, ‘মরোক্কোতে ভয়াবহ ভূমিকম্পের পর আমরা সবাই বিধ্বস্ত হয়েছি। ফ্রান্স প্রাথমিক চিকিৎসায় সাহায্য করতে প্রস্তুত রয়েছে।’







