ফুটবল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি তারকা ক্রিস্টিয়ান কারাম্বু ও ফিফার প্রতিনিধি দল ট্রফিটির সঙ্গে এসেছেন।
বুধবার সকাল ১১টার কিছু পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফি বহনকারী ফিফার বিশেষ বিমান অবতরণ করে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কোকাকোলার কর্মকর্তারা ট্রফি গ্রহণ করেন।
ফিফা ও কোকাকোলার সৌজন্যে বাংলাদেশে এলো ট্রফি। অবশ্য এখনই সেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে না। বিকাল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদর্শনের জন্য নেয়া হবে ট্রফি।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত হোটেল র্যাডিসন ব্লুতে সাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে, এসময় ট্রফির সাথে ছবি তোলারও সুযোগ থাকবে।
একইদিন বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত বাফুফে ও আর্মি স্টেডিয়ামে কনসার্টের আয়োজন থাকছে। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত আর্মি স্টেডিয়ামেই থাকবে বিশ্বকাপ ট্রফিটি।
শুক্রবার কোনো আয়োজন থাকবে না। দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ট্রফি বহনকারী বিমান বাংলাদেশ ছাড়বে।








