জনপদ

টাঙ্গাইলে নিখোঁজের ১১ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের ১১ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর আমেনা খাতুন (৪০) নামে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ৬ মে বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘিবাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমেনা খাতুন বংশীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ বছরে আমেনা খাতুনের দুই ছেলে অসুস্থ হয়ে মারা যায়। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এর আগেও একাধিকবার কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন তিনি। সর্বশেষ গত ২৫ এপ্রিল আমেনা খাতুন নিখোঁজ হন। পরে বুধবার বিকেলে এলাকাবাসী বংশীনগর দিঘিবাড়ি জঙ্গলের একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আমেনা খাতুনের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন জানান, আমেনা খাতুন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং এর আগেও একাধিকবার নিখোঁজ হয়েছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:উদ্ধারএসআইঝুলন্ত মরদেহনারীর মরদেহনিহতপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…