ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পোল্যান্ডের ইগা সুয়াটেকের কাছে হেরে গ্র্যান্ড স্লাম শিরোপার স্বাদ নেয়া হয়নি জাসমিন পাওলিনির। এক মাসের ব্যবধানে সেই হতাশা ঘোচানোর সুযোগ এসেছিল ইতালিয়ান তারকার সামনে। পারলেন না, আবারও স্বপ্নভঙ্গ। পাওলিনিকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি হয়েছেন চেক রিপাবলিকের বারবোরা ক্রেচিকোভা।
সেন্টার কোর্টে শনিবার নারী এককের ফাইনালে ফেভারিটের তকমা ছিল পাওলিনির গাঁয়ে। কোর্টে প্রতিফলন ছিল না। ১ ঘণ্টা ৫৬ মিনিটের লড়াইয়ে ৬-২, ২-৬, ৬-৪ গেমে হেরে যান ক্রেচিকোভার কাছে।
২০২১ সালে ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেই বাজিমাত করেছিলেন। জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন শিরোপা। মাঝে আর কোনো মেজরের ফাইনালে উঠতে পারেননি। তিন বছর পর দ্বিতীয়বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে আবার চ্যাম্পিয়ন হলেন ২৮ বর্ষী চেক তারকা।
উইম্বলডনের ফাইনালে ৬-২ গেমে প্রথম সেটে জয় পান ক্রেচিকোভা। দ্বিতীয় সেটে ২-৬ ব্যবধানে ঘুরে দাঁড়ান পাওলিনি। তৃতীয় সেটে খেই হারিয়ে ফেলেন ইতালিয়ান তারকা। ৬-৪ গেমে জিতে নারী এককে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা নিজের করে নেন চেক তারকা।
শিরোপা জয় অবিশ্বাস্য মনে হচ্ছে ক্রেচিকোভার। বলেছেন, ‘এই মুহূর্তে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এককথায় অবিশ্বাস্য। অবশ্যই এটা আমার টেনিস ক্যারিয়ারের সেরা দিন এবং আমার জীবনেরও সেরা দিন।’
‘আমি কী অনুভব করছি, তা প্রকাশ করাটা আমার জন্য খুব কঠিন। আমি জাসমিন ও তার দলকে অভিনন্দন জানাতে চাই, দারুণ দুটি সপ্তাহ কাটিয়েছেন তিনি। দারুণ একটি ফাইনাল হলো, প্রতিটি পয়েন্টের জন্য আমরা লড়াই করলাম…শেষে আমি ভাগ্যবান হয়েছি।’








