জনপদ

‘আর একটি গাছও কাটতে দেব না’

প্রতিবাদী মানববন্ধন, বন ও পরিবেশ রক্ষা আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বন ও পরিবেশ রক্ষা ও গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে অর্ধশত বছরের গাছ কাটার উদ্যোগ নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সবুজ নামের বেসরকারি সংগঠনের সদস্যরা। আজ সোমবার (২২ এপ্রিল) সকাল নয়টায় পৌর উদ্যানে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বাপা’র সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের প্রধান অধ্যাপক এসএম সাইফুল্লাহ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক নাজমুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বীরমুক্তিযোদ্ধা ও নানা শ্রেণী-পেশার মানুষ।

বক্তারা বলেন, টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যান একটি ঐতিহাসিক স্থান ও শহরের একমাত্র প্রাণকেন্দ্র। উন্নয়ন ও নানা অজুহাতে পর্যায়ক্রমে পুরাতন বৃক্ষ কেটে ফেলা হয়েছে। এখন অল্প যে কয়টি গাছ অবশিষ্ট রয়েছে, তা সড়ক সম্প্রসারণ ও মার্কেট নির্মাণের লক্ষে কাটার চেষ্টা করা হচ্ছে, যা নিন্দনীয় কাজ। আমরা আর একটি গাছও কাটতে দিতে দেবো না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করা হবে।

এসময় বক্তারা, গাছ প্রকৃতি ও জলাশয়কে রক্ষা করেই নগর পরিকল্পনা ও বাস্তবায়ন এবং প্রকৃতির অর্থনৈতিক ভ্যালু নির্ধারণেরও দাবি জানান।

উল্লেখ্য গতকাল পৌর উদ্যানের দক্ষিণ পাশের অর্ধশত বছরের পাঁচটি রেইনট্রি, কড়ইসহ ছোট বড় ১৫টি বৃক্ষ কাটতে গেলে বাধা দেয় স্থানীয়রা। এসময় একটি রেইনট্রি কড়ই গাছের বড় ডালও কাটা পড়ে।

বিষয়:মানববন্ধন
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…