সুনামগঞ্জ হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এবং এটি সরাসরি পানি মন্ত্রণালয়ের তদারকিতে পরিচালিত হয়। বাঁধ নির্মাণকাজ যেন সুষ্ঠু ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ নজরদারি থাকবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। একই সঙ্গে খাল ও নদী খনন এবং বাঁধ নির্মাণের মতো প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা সরকারের অন্যতম বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। এসব উন্নয়নকাজে কেউ যাতে অনিয়ম করতে না পারে, সে জন্য সরকার সতর্ক অবস্থানে থেকে পাহারাদারের ভূমিকা পালন করবে।
পানিসম্পদমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছেন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে হাওরাঞ্চলের মানুষ ও কৃষকদের খোঁজখবর রাখছেন বলেও জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।








