যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। পর্যাপ্ত অর্থনৈতিক প্রস্তুতি ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণ করলে ভ্রমণকারীরা দীর্ঘমেয়াদি জটিলতার মুখে পড়তে পারেন বলেও সতর্ক করা হয়েছে।
আজ (৭ মার্চ) শনিবার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের উদ্দেশ্যে এই সতর্কতা জারি করে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় এমন আর্থিক সামর্থ্য থাকতে হবে যাতে ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চিকিৎসাজনিত জরুরি অবস্থার খরচসহ সব ব্যয় নিজেই বহন করা সম্ভব হয়।
মার্কিন দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সুবিধার অপব্যবহার করলে তার স্থায়ী প্রভাব পড়তে পারে। এর ফলে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজের সুযোগ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।
এর আগে দূতাবাস ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণের বিষয়েও সতর্ক করেছিল। ভ্রমণ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন সরকারের স্বাস্থ্য সহায়তা গ্রহণ করলে তা ভিসার অপব্যবহার হিসেবে গণ্য করা হবে। এমন ধরনের ঘটনার ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষিত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়।







