বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং আরও সহিংসতা থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ম্যাথিউ মিলার বলেন: আমরা গণতান্ত্রিক শাসন দেখতে চাই। আমরা চাই, বাংলাদেশের জনগণ তাদের সরকার ঠিক করবেন। এ বিষয়ে আগামী দিন ও সপ্তাহগুলোতে আমরা নজর রাখব।
অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে মিলার বলেন: এ ক্ষেত্রে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন ও একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ সুগম করার বিষয়ে তারা জোর দিচ্ছেন এবং এটি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন: গত কয়েক সপ্তাহে অনেক প্রাণহানি ঘটেছে। আমরা শান্ত থাকার ও আগামী দিনগুলোতে সংযম প্রদর্শনের জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে স্বাগত ও বাংলাদেশের আইনের সঙ্গে সংগতি রেখে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাই।
একই সঙ্গে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও হতাহতের ঘটনা নিয়ে প্রকাশিত খবরে গভীর দুঃখ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। যারা স্বজন হারিয়েছেন ও যন্ত্রণা ভোগ করছেন তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।
পরে বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ নিয়ে প্রশ্ন করে এক সাংবাদিক বলেন: স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শত শত হত্যাকাণ্ডের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু পরিস্থিতি এখনও অস্পষ্ট। ছাত্র-জনতা, নেতা, বিরোধী দল, সেনাবাহিনী বেসামরিক সরকার গঠনের চেষ্টা করছেন। আপনি কি অনুগ্রহ করে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে আরও তথ্য প্রদান করতে পারেন?
জবাবে মিলার বলেন: আমাদের সমবেদনা অবশ্যই তাদের প্রতি আছে যারা গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতায় আহত হয়েছেন। আমরা এখন সহিংসতার অবসান এবং জবাবদিহিতাকে সমর্থন করার দিকে মনোনিবেশ করছি। অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই নেওয়া উচিত।









