এল ক্ল্যাসিকো চলাকালীন ম্যাচের ৭২ মিনিটে রিয়াল মাদ্রিদ কোচ জাভি আলোনসো ভিনিসিয়াস জুনিয়রকে বদলি করান। সে সময় রেগে যান ভিনি, বেঞ্চে না বসে সোজা চলে যান ড্রেসিংরুমে। এমন কাণ্ডে আলোচিত-সমালোচিত হয়েছেন ব্রাজিল তারাকা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন। দলের সমর্থক, সতীর্থ এবং সভাপতির নাম উল্লেখ করে ক্ষমা চাইলেও কোচ জাভির নাম সেখানে ছিল না।
রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে বদলি করার সময় ক্ষিপ্ত হয়ে কোচকে উদ্দেশ্য করে ভিনি বলেছিলেন, ‘সবসময় আমি কেন, আমি দল ছেড়ে যাচ্ছি। আমি চলে গেলেই ভালো, আমি চলে যাচ্ছি।’

বুধবার তার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আজ আমি ক্লাসিকোতে আমার বদলি হিসেবে খেলার সময় আমার প্রতিক্রিয়ার জন্য সমস্ত মাদ্রিদিস্তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজকের প্রশিক্ষণের সময় আমি যেমন ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছি, তেমনি আমি আবারও আমার সতীর্থদের, ক্লাবের এবং সভাপতির কাছে ক্ষমা চাই।’
‘কখনও কখনও আবেগ আমার উপর প্রভাব ফেলে, কারণ আমি সবসময় জিততে চাই এবং আমার দলকে সাহায্য করতে চাই। আমার প্রতিযোগিতামূলক চরিত্রটি ক্লাব এবং এটির প্রতিনিধিত্ব করে এমন সবকিছুর প্রতি আমার ভালোবাসা থেকেই উদ্ভূত হয়।’
এদিকে স্প্যানিশগণমাধ্যমগুলো বলছে, ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের সাথে তার চুক্তি আর বাড়াবেন না। এর কারণ হিসেবে দেখানো হয়েছে, তিনি তার পারিশ্রমিক বাড়াতে চান, কিন্তু রিয়াল কর্তৃপক্ষ সেটা নাকোচ করে দিয়েছে। জুলাইয়ের ২০২৭ সাল পর্যন্ত তার চুক্তি আছে। এরপর তার নতুন গন্তব্য হতে পারে ফরাসি ক্লাব পিএসজি।









