‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার শুটিং করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি ইউটিউবার সামদিশের শোতে এসে এ বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেন অভিনেত্রী।
বিদ্যার ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। এতে তীব্র যৌনতার আবেশ ছড়িয়ে বড় পর্দায় ঝড় তুললেন তিনি। তার অভিনয় ‘শত কোটির ক্লাব’-এ পৌঁছে দেয় ‘দ্য ডার্টি পিকচার’কে। কিন্তু এই ছবি করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। যদিও সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, সিগারেটের ধোঁয়ার গন্ধ বরাবরই উপভোগ করতেন তিনি।
বিদ্যা জানান, ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমায় ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হতো তাকে। তাতেই সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। দিনে তিনটা করে সিগারেট লাগত অভিনেত্রীর। তবে সেই আসক্তি নাকি উপভোগই করতেন তিনি!
বিদ্যার কথায়, ‘আমার ছোটবেলা থেকেই সিগারেটের গন্ধটা বেশ ভালো লাগত। কলেজে যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম, আশপাশে যাঁরা ধূমপান করতেন, তাঁদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি।’ তবে বর্তমানে ধূমপানকে জীবন থেকে বিদায় দিয়েছেন তিনি। যা পুরোপুরি ভাবেই স্বাস্থ্যের কারণে।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি ধূমপান উপভোগ করি। কেউ যদি আমাকে বলে, একটি সিগারেট আপনার কোনো ক্ষতি করবে না, তাহলে আমি এটা করব।’- ইন্ডিয়ান এক্সপ্রেস









