জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬ টা ৩৩ মিনিটে প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও ৮ টায় জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময়, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মাচরীদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, জাকসু’র ভিপি আব্দুর রশিদ জিতুু ও জিএস মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে জাকসু’র নেতৃবৃন্দ, বিভিন্ন হল প্রাধ্যক্ষ, বিভিন্ন ছাত্র এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
দিবসটি সম্পর্কে জাবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “বিজয় দিবস আমাদের মুক্তি, স্বাধীনতা ও জাতি হিসেবে আত্মপরিচয় দেওয়ার এক গর্বের দিন। এই দিবসে আমাদের শপথ করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষার, একতাবদ্ধ থাকার এবং বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার। তিনি আরও বলেন, আমাদের আরও শপথ করতে হবে বিভাজনের রাজনীতি থেকে মুক্ত থাকার। সবার আগে দেশ এবং আপামর জনসাধারণের কল্যাণ ব্রতই হোক মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার।”
এদিকে দিবসটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) কর্তৃক সকাল ১০ টায় বিজয় র্যালি ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭ টায় জাকসুু’র ক্রীড়া সম্পাদক মাহামুদুল হাসান কিরণের উদ্যোগে সাড়ে সাত কিলোমিটার ‘বিজয় দিবস দৌড়’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য কাপ হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় বেগম সুফিয়া কামাল হল ৫-৩ গোলে নওয়াব ফয়জুন্নেসা হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া, ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে ওইদিন বিকাল সাড়ে ৫ টায় এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে আবাসিক হলগুলোতে প্রশাসনের পক্ষ থেকে উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করা হয়েছে।









