সৌদি আরবে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র-ইউক্রেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রতিনিধি আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সৌদি আরবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার লক্ষ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। আগামী সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।
আজ ৮ মার্চ শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ওয়াল্টজ বলেন, রাশিয়ার সঙ্গে একটি শান্তিচুক্তির খসড়া প্রস্তুতের জন্য আমরা ইউক্রেনের সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছি। এই বৈঠক সৌদি আরবে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমি সেখানে উপস্থিত থাকব।
তিনি আরও উল্লেখ করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার এই যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্র এখন শাটল কূটনীতির মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার বক্তব্য শুনবে এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে চুক্তির নথি প্রস্তুত করবে।
এছাড়াও, রাশিয়া-ইউক্রেনের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ন্যাটো মহাসচিব মার্ক রুট আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছেন বলে জানানো হয়েছে।







