৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, রাশিয়াও মানবে আশাবাদ যুক্তরাষ্ট্রের

Ukrainian and Russian representatives hold peace negotiations at a large conference table with flags and floral arrangements. Channel i News – চ্যানেল আই নিউজ
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। এই চুক্তিটি এখন রাশিয়ার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
আজ (১২ মার্চ) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।
সৌদি আরবে একদিনের মার্কিন-ইউক্রেন আলোচনার পর ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে তাৎক্ষণিকভাবে যেতে রাজি আছে।
এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করবে বলে আশা প্রকাশ করে বলেছেন, তিনি রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন এবং পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে বল এখন রাশিয়ার কোর্টে।
এই বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে ইতিবাচক প্রস্তাবে সম্মত করানোর দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপর।
এই বিষয়ে রাশিয়া এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে মঙ্গলবার ক্রেমলিন বলেছিল, আলোচনার ফলাফল সম্পর্কে ওয়াশিংটনের কাছ থেকে ব্রিফ পাওয়ার পর তারা এই বিষয়ে একটি বিবৃতি জারি করবে।
উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে। মস্কো বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।







