আদালত

স্কুলছাত্রী হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ডাদেশ

গৃহশিক্ষকের মৃত্যুদণ্ডের পর সাংবাদিকদের সাথে কথা বলছেন আইনজীবী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় তার সাবেক গৃহশিক্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহিম ওরফে রনি (৩৩)। তিনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর লক্ষ্মীনারায়ণপুরের একটি বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতেই রনিকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়। মামলায় ৪১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী জানান, আদালত আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

বিষয়:আদালতনারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালমামলামৃত্যুদণ্ড আদেশস্কুলছাত্রী হত্যা
প্রতিবেদক

আলাউদ্দিন শিবলু

নোয়াখালী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…