যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশে বাংলাদেশে ইউএসএআইডির সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা প্রদানকারী সংস্থা ইউএসএআইডি এক ঘোষণায় জানিয়েছে, এই আদেশের পর বাংলাদেশে কোন ধরনের নতুন অর্থনৈতিক বা মানবিক সহায়তা প্রদান করা হবে না।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (২৫ জানুয়ারি) শনিবার ইস্যুকৃত ইউএসএআইডি’র অধিগ্রহণ ও সহায়তা বিষয়ক কার্যালয়ের পরিচালক ব্রায়ান অ্যারনের পাঠানো এক চিঠিতে এই বিষয়টি নিশ্চিত করে বলা হয়, ইউএসএআইডি বাংলাদেশে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং আগামীদিনে দেশটিতে সহায়তার কোন নতুন প্রকল্প শুরু করা হবে না।
তবে, এর আগে দেওয়া সহায়তার অগ্রগতি পর্যবেক্ষণ ও অন্যান্য আন্তর্জাতিক প্রকল্পের ওপর কিছু সীমিত কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এতে অংশীদারদের সঙ্গে যেসব কাজ চলছে, সেগুলোর ক্ষেত্রে ব্যয় সঞ্চয়ের জন্য সব যুক্তিসংগত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
চিঠিতে ইউএসএআইডির অর্থায়নে চলমান সব প্রকল্প বন্ধ করা হয়েছে নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানোর জন্য অধস্তনদের নির্দেশ নেওয়া হয়েছে।
এই আদেশের ফলে বাংলাদেশে মার্কিন সহায়তার যেসব গুরুত্বপূর্ণ প্রকল্প চলছিল, তা বর্তমানে স্থগিত হয়ে গেছে। এসব প্রকল্পের মধ্যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ মোকাবেলা সহায়তা অন্তর্ভুক্ত ছিল।









