যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রস্তাব গ্রহণ না করলে লড়াই অব্যাহত থাকবে বলে সতর্ক করেছেন তিনি। এই অবস্থাকে মহাসংকট হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আজ (২২ নভেম্বর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমার মতে কিয়েভের জন্য আগামী বৃহস্পতিবারই যথোপযুক্ত সময়। তাকে (জেলেনস্কি) এটা পছন্দ করতেই হবে। যদি না করে, তাহলে লড়াই ছাড়া আর কোনো উপায় থাকবে না।
এদিকে কিয়েভে দেওয়া এক ভাষণে জেলেনস্কি জানান, আমরা ইতিহাসের এক কঠিন মুহূর্তে দাঁড়িয়ে। চাপ এখন যেকোনো সময়ের তুলনায় বেশি। হয় আমাদের সম্মান হারাতে হবে, নয়তো একটি গুরুত্বপূর্ণ অংশীদারকে হারানোর ঝুঁকি নিতে হবে। সম্মান ও স্বাধীনতার বিষয়ে কোনো আপস করা হবে না।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সম্ভাব্য সমঝোতার ভিত্তি হিসেবে উল্লেখ করে সতর্ক করেন। যদি ইউক্রেন তা প্রত্যাখ্যান করে, তবে রুশ সেনাদের অগ্রযাত্রা চলবেই জানিয়ে তিনি কুপিয়ানস্ক শহর দখলের উদাহরণ টেনে বলেন, যদি আলোচনা না করে প্রত্যাখ্যান করা হয়, যুদ্ধক্ষেত্রে এমন ঘটনা পুনরাবৃত্তি হবে।









