টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধা অর্পণ করা হয়েছে।
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে। এ উপলক্ষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ার আজিম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ভাসানী পরিবারের পক্ষ থেকে মাজারে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিএনপি, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ভোর থেকেই ভাসানীর অনুসারীরা মাজার প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হচ্ছে।
ইতোমধ্যেই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ অনেকেই মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারা মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। অন্যান্য দলের শীর্ষ নেতারাও আসবেন মাজার জিয়ারতে।
ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত সাত দিনব্যাপী মেলা চলছে। মেলাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। রাতভর মাজার জিয়ারত, জিকির আজগার, দোয়া মাফফিলসহ আধ্যত্মিক গান পরিবেশন করেন ভক্তরা।









