কিশোরগঞ্জে কারফিউ শিথিল হওয়ায় ঘর ছেড়ে ঘুরতে এসেছে হাজারো মানুষ। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে সাড়ে ৬টার দিকে নরসুন্দা নদীর তীরে অবস্থিত শহরের মুক্তমঞ্চে পরিবারসহ ঘুরতে এসেছে হাজারো মানুষ।
কিশোরগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়।
জানা গেছে, কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীকে ঘিরে ২০১২ সালের ২২ নভেম্বর ১১০ কোটি টাকা ব্যয়ে লেকসিটি প্রকল্প হাতে নেন তৎকালীন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এই প্রকল্পটি বাস্তবায়নের পর থেকে গুরুদয়াল সরকারি কলেজের সামনের মুক্তমঞ্চে প্রতিদিনই হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসেন। একসময় এই মুক্তমঞ্চকে ঘিরে অবৈধভাবে গড়ে উঠে কয়েশো দোকানপাট। তবে চলতি বছরের শুরুর দিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এই অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করে। তবে আবার এখানে ভাসমান কিছু কিছু দোকানপাট বসতে শুরু হয়েছে। ঘুরতে আসা লোকজনের দাবি এখানে নিরাপত্তাসহ আরও সৌন্দর্য বাড়ালে লোকসমাগম আরও বাড়বে।
পরিবারসহ মুক্তমঞ্চে ঘুরতে আসা মুক্তা রাণি জানান, কারফিউ শিথিল হওয়া ও ছুটির দিন থাকায় অনেক দিন পরে ঘুরতে আসলাম অনেক ভালো লাগছে। এই মুক্তমঞ্চকে যদি আরও সুন্দর করে সাজানো যায় তাইলে আরও অনেক মানুষ গুরতে আসতো।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ঋতৃক জানান, বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। আজকে অনেক ভালো লাগছে অনেক মানুষ বাহিরে বেরাতে এসেছে।
চা বিক্রেতা ইয়াসিন মিয়া জানান, গত কয়েকদিনের তুলনায় আজ শুকবারে মুক্তমঞ্চে অনেক মানুষের সমাগম ঘটেছে। আজকে ৮০০ টাকা বিক্রি করেছি। এই মুক্তমঞ্চে সেনাবাহিনীর টহল টিম আসে না।









