নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর ‘রাম’ চরিত্রের জন্য শরীর, চেহারায় পরিবর্তন আনতে তিন বছর ধরে কঠিন পরিশ্রম করে চলেছেন রণবীর কাপুর। সেলিব্রিটি ফিটনেস ট্রেনার শিভোহাম সম্প্রতি রণবীর কাপুরের শরীর চর্চার একাধিক ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
বুধবার শিভোহাম রণবীর রামায়ণ ছবির জন্য ট্রেনিং শুরুর আগে কেমন ছিলেন, আর এখন কেমন আছেন সেটার ছবি পোস্ট করেন। শিভোহামের শেয়ার করা ছবিতে দেখা যায় ‘অ্যানিমেল’ ছবির লুক থেকে ‘রামায়ণ’র রাম হওয়ার জন্য শরীরে কতটা বদল এনেছেন রণবীর কাপুর।
ছবিগুলো পোস্ট করে শিভোহাম লিখেছেন ‘পুরোটাই গত তিন বছর ধরে কঠিন পরিশ্রমের ফলাফল। জীবনে কোনও কিছুর শর্টকাট হয় না। সঠিক পরিকল্পনা করা প্রয়োজন লক্ষ্যে পৌঁছানোর জন্য।’ একই সঙ্গে তিনি লেখেন, ‘রণবীর কাপুর শুভেচ্ছা জানাই আপনার আগামী ব্লকবাস্টারের জন্য।’
শিভোরামের এর আগে শেয়ার করা ভিডিওতে রণবীরের ব্যায়ামের রুটিন সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। সেখানে সবুজের মাঝে ব্যায়াম করতে দেখা যায় তাকে। ট্রেইনারের সঙ্গে দৌড়াতে, ওয়েট লিফটিং করতে দেখা যায় তাকে। এছাড়াও তিনি সাতার, সাইক্লিং, হাইকিংও করেছেন
রামায়ণ ছবিটির শুটিং শুরু হয়ে গিয়েছে। এই ছবিতে রামের ভূমিকায় থাকবেন রণবীর কাপুর, সীতা হয়েছেন সাই পল্লবী। লারা দত্ত কৈকেয়ী এবং অরুণ গোভিল দশরথের চরিত্রে অভিনয় করবেন। এছাড়া শোনা যাচ্ছে সানি দেওল হনুমান এবং বিজয় সেতুপতি বিভূষণের চরিত্রে থাকবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস









