গাজায় ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনায় ইসরায়েলকে তিরস্কার করেছে যুক্তরাষ্ট্র। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির উদ্যোগ না নিলে এবং ত্রাণকর্মী ও ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের রক্ষায় স্পষ্ট পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে সমর্থন করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবিসি জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এ কথা বলেছেন জো বাইডেন। নেতানিয়াহু এবং বাইডেনের ফোনালাপের পর হোয়াইট হাউস মুখপাত্র জন কার্বি জানান, পরবর্তী কয়েকদিনে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ নেয় তা পর্যবেক্ষণে রাখবে যুক্তরাষ্ট্র।
জো বাইডেন বলেন, ইসরায়েল যদি মার্কিন সমর্থন বজায় রাখতে চায় তবে বেসামরিক ক্ষতি এবং মানবিক দুর্ভোগ প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েলের কাছ থেকে কোন পরিবর্তন দেখা না গেলে মার্কিন নীতিতে পরিবর্তন আসবে।
এদিকে এই ঘটনার পরপরই ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশের জন্য দুটি নতুন পয়েন্ট খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, উত্তর গাজার ইরেজ গেট এবং আশদোদ বন্দর ত্রাণ প্রবেশের জন্য খুলে দেওয়া হবে। এছাড়াও জর্ডান থেকে আসা সাহায্য কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
ইসরায়েলের এমন ঘোষণার পর ইউএস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়ে বলেছে, এখন এই সিদ্ধান্তের সম্পূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন করা উচিত।








