বিচারপ্রার্থীরা যাতে সহজে ন্যায়বিচার পেতে পারে সেজন্য সর্বোচ্চ আদালতসহ সব আদালতের বিচারকদের সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ বুধবার (১৫ মে) বিকেলে বঙ্গভবনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এ কথা বলেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন।
রাষ্ট্রপ্রধান বলেন, সুপ্রিম কোর্ট হচ্ছে বিচারপ্রার্থীদের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। তাই, বিচারকার্যে বিচারপতিগণ তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। জনগণ যাতে দ্রুত ও সহজে ন্যায় বিচার পায় সেজন্য নতুন বিচারপতিগণ তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এস. এম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।









