চলমান সীমান্ত বিরোধের কারণে থাইল্যান্ড সরকার কম্বোডিয়াগামী পর্যটকদের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে থাইল্যান্ডের বিভিন্ন সীমান্ত চেকপয়েন্ট দিয়ে কাম্বোডিয়ায় প্রবেশ করতে চাওয়া সব যানবাহন ও ব্যক্তিরা।
আজ (২৪ জুন) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, থাই সামরিক বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে। থাইল্যান্ড থেকে বিমানে করে কম্বোডিয়ার জনপ্রিয় পর্যটন শহর সিয়েম রিয়াপে যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে, এমনকি বিদেশি পর্যটকদের জন্যও।
সম্প্রতি সীমান্ত এলাকায় সংঘর্ষে একজন কম্বোডিয়ান সেনা নিহত হয়। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করছে উভয় দেশ। কাম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফল-মূল, সবজি, বিদ্যুৎ, ইন্টারনেট পরিষেবা, এমনকি থাই নাটক ও চলচ্চিত্র আমদানি নিষিদ্ধ করেছে।
থাই সরকার জানিয়েছে, মানবিক কারণে; যেমন শিক্ষার্থী বা চিকিৎসার প্রয়োজনে কিছু ভ্রমণকারীর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার শিথিলতা রাখা যেতে পারে, তবে তা সীমান্ত কর্মকর্তাদের বিবেচনার উপর নির্ভর করবে। কম্বোডিয়ান নিরাপত্তা সংস্থাগুলোর ব্যবহৃত ইন্টারনেট সেবাও স্থগিত করা হবে।
উল্লেখ্য, এই ধরনের নিষেধাজ্ঞা থাইল্যান্ড আগে মিয়ানমারের ক্ষেত্রেও প্রয়োগ করেছিল, যেখানে বিদেশি নাগরিকদের ফাঁদে ফেলে প্রতারণা চালানো হয়।









