একবছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে টেস্ট ছেড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অবসরের এতদিন পরে এসেও টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতির খবর পেলেন টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক।
আইসিসির র্যাঙ্কিংয়ে সবশেষ হালনাগাদে দেখা যাচ্ছে, এক ধাপ উপরে উঠে মাহমুদউল্লাহ এখন আছেন টেস্ট ব্যাটারদের ৫৮তম স্থানে, ৪৮৮ রেটিং পয়েন্ট নিয়ে। অন্য ব্যাটারদের পারফরম্যান্স পয়েন্টের ওঠা-নামার প্রেক্ষিতে তাদের রেটিং পয়েন্ট বাড়া-কমায় এই উন্নতি টাইগার তারকার।
২০২১ সালের জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের সিরিজে নেমেছিল বাংলাদেশ। ৭ জুলাই শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করা টাইগাররা ৪৬৮ রান করে। মাহমুদউল্লাহ রিয়াদ খেলেন ক্যারিয়ারসেরা ১৫০ রানের অপরাজিত ইনিংস। সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে ১৩৮ ও নবম উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে ১৯১ রানের জুটি গড়েন।
টেস্টের পঞ্চম দিনে ২২০ রানের বড় জয় পায় টাইগার দল। দিনটি ছিল ১১ জুলাই। শেষবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে সেদিনই মাঠে নামেন মাহমুদউল্লাহ। সতীর্থরা তাকে দেন গার্ড অব অনার। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও অবসরের বিষয়টি সামনে চলে আসে তখনই।
দেড় বছর পর টেস্টে ফিরেই ছাড়ার সিদ্ধান্ত তখন বিস্মিত করেছিল বিসিবিকেও। টেস্টের তৃতীয় দিন শেষে রিয়াদ ড্রেসিংরুমে জানিয়ে দেন এটিই তার শেষ টেস্ট, এমন খবর আসে গণমাধ্যমে। সেদিনের প্রায় তিন মাস পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সাদা পোশাকে বাংলাদেশের হয়ে ঠিক ৫০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ব্যাট করেছেন ৯৪ ইনিংসে, ৭ ইনিংসে ছিলেন অপরাজিত। মোট রান ২,৯১৪, যাতে ৫ সেঞ্চুরির সাথে আছে ১৬ ফিফটি।
টেস্টে ৩৮টি ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ। উইকেট পেয়েছেন ৪৩টি। ইনিংস সেরা বোলিং ৫১ রানে ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে টেস্টে সেরা বোলিং ফিগার ১১০ রানে ৮ উইকেট। পাঁচ বা ততোধিক উইকেট পেয়েছেন ওই একবারই, আর কখনও ৪ উইকেটের দেখাও পাননি।







