এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গ্রুপপর্বের শেষ অংকে পৌঁছেছে ভারত-শ্রীলঙ্কার মাটিতে চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপ। গ্রুপপর্বের তৃতীয় রাউন্ড শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, গতবারের ফাইনালিস্ট সাউথ আফ্রিকা ও দুবারের কাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করেছে ‘সুপার এইট’ রাউন্ডের টিকিট। সহজ হিসেবের পাশপাশি দুই জায়ান্ট অস্ট্রেলিয়া ও পাকিস্তানের জন্য অপেক্ষা করছে জটিল অংক।
যেমন ‘সুপার এইটের’ গ্রুপিং। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই সর্বশেষ টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে সুপার এইটের ‘এক্স’ এবং ‘ওয়াই’ গ্রুপের জন্য সিডিং করে রেখেছে আইসিসি। শুনতে সহজ হলেও কাগজে-কলমে হিসেবটা বেশ জটিল।
গ্রুপপর্বে প্রতি গ্রুপের সেরা দুই করে মোট আট দলের জন্য থাকবে ‘সুপার এইটের’ টিকিট। গুরুত্বপূর্ণ বিষয় হল- টুর্নামেন্টের পূর্ববর্তী সিডিং পজিশন। এই র্যাঙ্কিং অনুযায়ী আইসিসি প্রাথমিক রাউন্ডের প্রতি গ্রুপে সিডিং করে রেখেছে।
‘এ’ গ্রুপে সিডিং অনুযায়ী ‘এ-১’ ভারত, ‘এ-২’ পাকিস্তান। তেমনি ‘বি-১’ অস্ট্রেলিয়া, ‘বি-২’ শ্রীলঙ্কা। ‘সি-১’ ওয়েস্ট ইন্ডিজ, ‘সি-২’ ইংল্যান্ড। তেমনি ‘ডি-১’ সাউথ আফ্রিকা এবং ‘ডি-২’ নিউজিল্যান্ড।
সুপার এইট রাউন্ডে গ্রুপ এক্সে প্রাথমিক রাউন্ডের চার গ্রুপে ওয়ান দলগুলো থাকছে। এক্স গ্রুপে ‘এ-১’, ‘বি-১’, ‘সি-১’ এবং ‘ডি-১’ এর প্রতিদ্বন্দ্বিতা হবে। ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকাকে নিয়ে হবে সুপার এইটের গ্রুপ এক্স। তেমনি ওয়াই গ্রুপে থাকবে ‘এ-২’ ‘বি-২’ ‘সি-২’ এবং ‘ডি-২’ দল তথা ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
গ্রুপপর্বের সিডিংয়ের বাইরের কোন দল যদি সুপার এইট পর্বের যোগ্যতা অর্জন করে, তারা ওই গ্রুপ থেকে বাদ পড়া দলটিকে রিপ্লেস করবে। যেমন- ‘বি-১’ অস্ট্রেলিয়া বা ‘সি-২’ পাকিস্তান সুপার এইটে উঠতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট গ্রুপ থেকে দল দুটিকে রিপ্লেস করা দুদল যথাক্রমে ‘বি-১’ এবং ‘সি-২’ হিসেবে সুপার এইটে গ্রুপ এক্স এবং গ্রুপ ওয়াইয়ের জায়গা নেবে।
সুপার এইটে প্রতিটি দলের ম্যাচ তিনটি করে। ২১শে ফেব্রুয়ারি ওয়াই-২ ও ওয়াই-৩তে জায়গা পাওয়া দলের লড়াই দিয়ে শুরু হবে এপর্বের খেলা। পর্বটি শেষে ‘এক্স এবং ওয়াই’র শীর্ষ দুদল পাবে সেমিফাইনালের টিকিট। আর ফাইনাল ৮ মার্চ।








