প্যারিস অলিম্পিকের ষষ্ঠ দিনে এসে প্রথম সোনার দেখা পেয়েছে হাঙ্গেরি। ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সোনা জিতেছেন হাবার্ট কোস। মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেট ডগলাস।
সাঁতারের ইভেন্টটিতে সোনা জয়ের পথে ১ মিনিট ৫৪.২৬ সেকেন্ড সময় নিয়েছেন হাবার্ট। রৌপ্য জিতেছেন গ্রিসের আপোস্তোলোস ক্রিস্তো। সময় নিয়েছেন ১ মিনিট ৫৪.৮২ সেকেন্ড। ১ মিনিট ৫৪.৮৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের রোমান মিতাইওকো।
মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জয়ের পথে সাউথ আফ্রিকার তাতিয়ানা স্মিথের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ডগলাসের। ২ মিনিট ১৯.২৪ সেকেন্ডে সাঁতার শেষ করে সোনা জিতে নেন যুক্তরাষ্ট্র সাঁতারু। আসরে যুক্তরাষ্ট্রের নবম সোনা এটি।
রৌপ্য জেতেন তাতিয়ানা। ২ মিনিট ১৯.৬০ সেকেন্ড সময় নেন। ২ মিনিট ২১.০৫ সেকেন্ড সময় ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের টেস শোটেন।









