বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনবাংলা ফুটবল দলের সদস্য আমিনুল ইসলাম সরুজ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার জানায়, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৭৪ বর্ষী সাবেক ফুটবলার। তিনি তিন ছেলে রেখে গেছেন। সোমবার বরিশালে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে দাফন করা হবে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একদল মুক্তিকামী ফুটবলার ভারতে গিয়ে গঠন করেছিলেন স্বাধীনবাংলা ফুটবল দল। ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে দলটি মুক্তিযুদ্ধের পক্ষে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে জনমত গঠন ও তহবিল সংগ্রহ করে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের তহবিলে জমা করে। সে গর্বিত দলের সদস্য ছিলেন সরুজ।









