সুদানের সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক সতর্ক করে বলেছেন: সুদান সংঘাত সিরিয়া ও লিবিয়ার চেয়েও ভয়াবহ হতে পারে। তিনি আরও বলেন, চলমান সংঘাত যদি অব্যাহত থাকে তা বিশ্বের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে।
মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং ত্রাণ কার্যক্রমের জন্য সুদানে গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির মধ্যেও রাজধানী খার্তুমে লড়াই অব্যাহত আছে। খার্তুমের কিছু অংশে বিমান, ট্যাংক এবং আর্টিলারি হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। যুদ্ধে প্রায় দুই সপ্তাহের লড়াইয়ে শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছে।
সুদানের সেনাবাহিনী বলছে, তারা ভারী কামান ব্যবহার করে রাজধানী খার্তুমে সব দিক থেকে আক্রমণ করছে।
শনিবার ২৯ এপ্রিল কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক সম্মেলনে বক্তৃতায় হামদক সুদানের সামরিক নেতা এবং প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনীর প্রধানকে শান্তি আলোচনায় রাজি করানোর জন্য একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সুদান অনেক বড়-বৈচিত্র্য এবং বিশাল দেশ, আমি মনে করি এটি বিশ্বের জন্য একটি দুঃস্বপ্ন হবে।’
হামদক ২০১৯ ও ২০২২ সালের মধ্যে দুবার সুদানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।







