মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের লড়াইয়ে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সাউথ আফ্রিকা। নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৮০ রানে হারিয়েছে প্রোটিয়া বাহিনী। অন্যদিকে টানা তিন ম্যাচে হার দেখল স্কটিশ মেয়েরা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট ১৬৬ রান তোলে সাউথ আফ্রিকা। জবাবে নেমে ১৭.৫ ওভারে ৮৬ রানে থামে স্কটল্যান্ড।
আগে ব্যাটে নামা প্রোটিয়া মেয়েদের হয়ে ঝড় তোলেন মারিজানে ক্যাপ ও লৌরা উলভার্ট। ওপেনার লৌরা ৫ চার ও এক ছক্কায় ২৭ বলে ৪০ রান করেন। চারে নামা মারিজানে ৬টি চারে ২৪ বলে ৪৩ রান করেন। এছাড়া আরেক ওপেনার তানজিম ব্রিটস ৩৫ বলে ৪৩ রান করেন।
স্কটিশ মেয়েদের হয়ে একটি করে উইকেট নেন ক্যাথেরিন ফ্রেজার, ডার্সে কার্টের, ওলিভিয়া বেল, ক্যাথেরিন ব্রেস ও র্যাখেল স্লাটার।
জবাবে নেমে প্রোটিয়া বোলারদের তোপে দ্রুতই গুটিয়ে যায় স্কটল্যান্ড। সর্বোচ্চ ১৪ রান করেন ক্যাথেরিন ফ্রেজার। ১৩ বলে ১২ রান করেন অ্যালিসা লিস্টার। বাকীদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাননি।
প্রোটিয়াদের হয়ে ননকুলুলেকো মালবা তিনটি উইকেট নেন। নাদিন ডি ক্লের্ক ও কোল ট্রিয়ন দুটি করে উইকেট নেন।









