বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল ছেলে

A large group of people gathered outside a house, indicating a serious incident or crime scene in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
পাবনার সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছে ছেলে। নিহত ব্যক্তি উপজেলার পাইকরহাটি গ্রামের তায়জুল শেখের ছেলে আব্দুল মালেক (৫০)। অভিযুক্ত তার ছেলে মানিক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। সকালে বাবা আব্দুল মালেক মাঠে কৃষিকাজে বের হওয়ার সময় ছেলে মানিককে কুড়াল নিয়ে ঝাড় থেকে বাঁশ কাটতে যেতে বলেন। কিন্তু ছেলে যেতে না চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
সূত্র জানায়, এক পর্যায়ে ছেলে মানিক তার হাতের কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বাবা মালেক মারা যান। স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে সে পালিয়ে যায়।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, বাবা-ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।







