দেশের বাজারে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৫৫ হাজার টাকা এবং রৌপ্যমুদ্রার দাম ৭ হাজার টাকা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার (বাক্সসহ) দাম ৫৫ হাজার টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এসব মুদ্রা বিক্রি করা হতো ১ লাখ ৮৫ হাজার টাকায়।
এদিকে, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় লেনদেন হচ্ছে।
স্মারক স্বর্ণমুদ্রার পাশাপাশি ফাইন সিলভারের স্মারক রৌপ্যমুদ্রার দামও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি রৌপ্যমুদ্রার (বাক্সসহ) দাম ৭ হাজার টাকা বাড়িয়ে ২১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এসব মুদ্রা বিক্রি হতো ১৪ হাজার টাকায়।








