শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রে প্রবেশ করবে বাংলাদেশ। লঙ্কা সফরে ১৬ সদস্যের স্কোয়াড নিয়ে যাচ্ছে টিম টাইগার্স। স্কোয়াডে বোলিং আক্রমণে ভারসাম্য রেখেছে বাংলাদেশ। চার পেসারের সঙ্গে আছেন চার স্পিনার। ব্যাটিং ইউনিটেও অভিজ্ঞ ক্রিকেটাররা। দল নিয়ে বেশ খুশি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামী ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। কলম্বোতে ২৫ জুন থেকে গড়াবে দ্বিতীয় টেস্ট। সফর সামনে রেখে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেন শান্ত। জানান স্কোয়াড নিয়ে ভাবনার কথা।
বলেন, ‘দল নিয়ে খুবই খুশি। দলে যেসব ক্রিকেটার চেয়েছি, শতভাগ পেয়েছি। অধিনায়ক হিসেবে তাই খুশি। কম্বিনেশনটা দেখলে সবার পক্ষে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে। আমাদের দলে ৪টা করে পেসার ও স্পিনার আছে। মানে ভারসাম্যটা আছে। আমরা কন্ডিশন দেখে দুই ধরনের কম্বিনেশনেই যেতে পারি। দল নিয়ে আমি খুশি। ভারসাম্য করার মতোই দল।’
অবশ্য একজন ওপেনারের ঘাটতি আছে দলে। সবশেষ সিরিজে খেলা মাহমুদুল হাসান জয় বাদ পড়েছেন লঙ্কা সফরের দল থেকে। আলোচনা আছে ওপেনিংয়ে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। মিরপুরে বাংলাদেশ অধিনায়কের কাছে বিষয়টি নিয়ে প্রশ্নও এসেছিল, শান্ত খোলাসা করেননি কিছুই।
বলেছেন, ‘এটা (ওপেনিংয়ে নামব কিনা) নিয়ে আসলে এখন এখানে বলতে চাই না। কারণ হল প্রতিপক্ষ যদি দেখে, তাহলে বিষয়টি অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। আমি যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত আছি। আমাদের আরও টপঅর্ডার ব্যাটার আছে। দলে বিকল্প আছে, দেখা যাক।’
‘আপনি বললেন, ওপেনারের বিকল্প নেই। যখন খেলা শুরু হবে, তখনই বুঝতে পারবেন আমরা কী চিন্তা করে দলটা বানিয়েছি, বুঝতে পারবেন কেন দলে একটা ওপেনার কম।’
প্রস্তুতি নিয়ে টাইগার অধিনায়ক বলেছেন, ‘প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে। এটা বলব যে আরেকটু ভালো হতে পারত। পাকিস্তান সিরিজটা একটু দেরি হল, যার কারণে সময়টা একটু কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে। কিন্তু অজুহাত হিসেবে এটা দিতে চাই না। শ্রীলঙ্কায় আমরা আগেও টেস্ট জিতেছি। আশা করি, এবারও ভালো হবে।’









