‘আমরা একসাথে কফি খাই কিনা, তা ম্যাটার করে না’

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
এক-দেড় বছর ধরে মাঠের বাইরে কথা বলেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। খুব প্রয়োজন না পড়লে ম্যাচেও দুজন থাকেন নিজেদের মতো করে। দুই বন্ধুর মাঝে দূরত্বের ব্যাপারটি এখন সবার জানা।
শুক্রবার বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলার পর বাংলাদেশের ক্রিকেটে এটি নিয়েই আলোচনা হচ্ছে বেশি, এমনকি ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে।
তামিম ও সাকিব বাংলাদেশের দুই আইকন ক্রিকেটার। ভক্তকুলও তাদের বেশি। স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে সিনিয়র দুই ক্রিকেটারের মাঝে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকলে ড্রেসিংরুমে অন্য খেলোয়াড়দের মাঝেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তরুণদের।
তামিম অবশ্য এমনটা মনে করেন না। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের মতে মাঠে সবাই ঠিক থাকলে বাইরের বিষয়ে কিছু যায় আসে না।
‘এই জিনিসটার ব্যাপারে গতকালই জানতে পারি। আমরা যখন দেশকে প্রতিনিধিত্ব করি, সবকিছুই ঠিক আছে। অন্যকিছুই এখানে ম্যাটার করে না। কে কী বলল, কী হল, আমাদের সঙ্গে সম্পর্ক কেমন, আমরা একসাথে কফি খাই কিনা, এগুলো কোনোকিছু ম্যাটার করে না।’
‘আমরা শতভাগ দিচ্ছি দলকে। যদি এই জায়গায় কোনো সমস্যা হতো, তাহলে আমি বলতাম। ১৫-১৬ বছর ধরে খেলতেছি। একসঙ্গে ২২ গজে ব্যাটিংও করি। সে যখন উইকেট পায় উদযাপন করি। মাঠে সব স্বাভাবিক।’
‘গুরুত্বপূর্ণ জিনিসটা হল আমি ও সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরি, একটা মাঠে যখন নামি। আমি সেরাটা দেয়ার চেষ্টা করি, সেও চেষ্টা করে। আমি ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে সাজেশন চাইলে সে আমাকে সাহায্য করে। সে যখন নেতৃত্ব দেয় তার পরামর্শ প্রয়োজন হলে আমি প্রস্তুত থাকি করার। এখানে আর কোনো কিছুই ম্যাটার করে না। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো যদি ঠিক থাকে, বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ একবছর আগে যেমন ভালো ছিল, তেমনই আছে।’







