নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জয়ে চোখ রেখে মাঠে নেমে বৃষ্টির কবলে পড়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিটি আর পূর্ণ ওভারের ম্যাচ হচ্ছে না। বৃষ্টিতে লম্বা সময় বন্ধ থাকা ম্যাচের দৈর্ঘ্য কমে যাবে, যদি খেলা আবারও গড়ায়। ওভার কেটে খেলা শুরু হলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য হতে পারে ৫ ওভারে ৪৬ কিংবা ১০ ওভারে ৮৫ রান।
মাউন্ট মঙ্গানুইতে শুক্রবার টসে জিতে আগে কিউইদের ব্যাটে পাঠান নাজমুল হোসেন শান্ত। ১১তম ওভার শেষে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টুয়েন্টি।
ম্যাচের দ্বিতীয় ওভারে আঘাত হেনেছিলেন শরিফুল ইসলাম। ২ রান করা ফিন অ্যালেনকে ফেরান বাঁহাতি পেসার। ৯ রানে ভাঙে স্বাগতিকদের ওপেনিং জুটি।
শরিফুল দ্রুত উইকেট তুলে নিলেও টিম সেইফার্ট ছিলেন মারমুখী। ২৩ বলে ৪৩ করা সেইফার্টকে অষ্টম ওভারে তানজিম হাসান সাকিব ফেরালে নিউজিল্যান্ডের রানের চাকায় কিছুটা লাগাম টানতে পারে বাংলাদেশ।
১০তম ওভার করতে আসা মোস্তাফিজের প্রথম বলে ড্যারিল মিচেলকে আউটের সুযোগ এসেছিল। আফিফ হোসেন সেটি নষ্ট করেন, অবশ্য কঠিন ছিল সুযোগটা। ওই ওভারের পঞ্চম বলে মিচেলের দেয়া দ্বিতীয় সুযোগটি রিশাদ হোসেন কাজে লাগাতে পারেননি।
বৃষ্টিতে ম্যাচ বন্ধের আগে ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান সংগ্রহ করেছে স্বাগতিক দল। কিউই দুই ব্যাটার ড্যারিল মিচেল ২৪ বলে এক চারে ১৮ এবং গ্লেন ফিলিপস ১৪ বলে ৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।







