মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ক্রিকেট সাক্ষী হল ঐতিহাসিক মুহূর্তের। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ সাকিব আল হাসান। এমন কীর্তি সতীর্থ হিসেবে মাঠে থেকে দেখতে না পারায় আক্ষেপও ঝরেছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের কণ্ঠে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব লিখেছেন, ‘লর্ডসে আপনার প্রথম টেস্ট ম্যাচ যখন হচ্ছিল, আমি BKSP-এর রিক্রিয়েশন রুমে বসে প্রতিটি বল দেখেছিলাম। সেইদিন থেকেই আপনি আমাকে এবং বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রেরণা দিয়ে আসছেন।’
‘অনেকদিন ধরেই আপনি ক্রিকেট খেলছেন, আর আপনার খেলায় আপনি সবটুকুই উজাড় করে দিয়েছেন। বয়সভিত্তিক দলকে নেতৃত্ব দেয়ার সময় থেকেই আপনাকে আমি আমার অধিনায়ক হিসেবে দেখেছি— আজও দেখি, আর যতদিন ক্রিকেট খেলব, আপনি আমার ক্যাপ্টেন হয়ে থাকবেন।’
‘মুশফিক ভাই, আপনার ১০০তম টেস্ট ম্যাচের এই মহৎ মুহূর্তে রইলো আমার আন্তরিক শুভ কামনা। যেমন আপনার প্রথম ম্যাচ আমি বল বাই বল করে দেখেছিলাম, তেমনি আপনার এই ঐতিহাসিক ম্যাচের প্রতিটি বলও দেখব। আশা করি আপনি ম্যাচটা উপভোগ করবেন। ইচ্ছে ছিল আপনার সঙ্গে মাঠে নেমে এই গৌরবের মুহূর্তটা একসঙ্গে উদযাপন করি।’
২০০৫ সালে অভিষেকের পর ২০ বছর পাড়ি দিয়ে ১০০ টেস্টের মাইলফলকে পা রাখলেন মুশফিক। গড়ে বছরে ৫টি করে টেস্ট খেলেছেন। বয়স এখন ৩৮। ওয়ানডে ও টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই।









