আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকার হয়ে লড়ছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিবার্চনী প্রচারণার অংশ হিসেবে মাগুরার ঐতিহ্যবাহী নোমানী ময়দানে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন তিনি। সাকিবের উপস্থিতি ঘিরে জেলার বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব ও স্থানীয়দের মিলনমেলায় পরিণত হয় ময়দান।
শুক্রবার ভোর থেকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাগুরা-১ আসনে গণসংযোগ শুরু করেছেন সাকিব। মাগুরা পৌরসভার নতুন বাজার সাহাপাড়া, কেশব মোড় ও ইসলামপুর পাড়ায় তিনি বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে কুশলাদি বিনিময় এবং দোয়া-ভোট চান। পরে নোমানী ময়দানে এসে মহান বিজয় দিবস উপলক্ষে জেলার লিজেন্ড ক্রিকেটারদের মিলনমেলায় অংশ নেন। সেখানে বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি নিজের জন্য ভোটও চেয়েছেন টাইগার অলরাউন্ডার।
মিলনমেলায় লিজেন্ড ক্রিকেটারদের পক্ষ থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সংবর্ধনা ও ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘এই নোমানী ময়দান মাঠ থেকেই আমার ক্রিকেটে হাতেখড়ি। এখন এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আপনারা আমার খুবই কাছের মানুষ। আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’
পরে সাকিব আল হাসান নোমানী ময়দানে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সাথে খেলায় অংশ নেন। ব্যাট ও বল হাতে নিয়ে ক্রিকেট খেলে মুগ্ধ করেন সাধারণ মানুষকে। অনুষ্ঠানে সাকিবের ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, অভিনেতা সাব্বির আহমেদসহ মাগুরা জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে লিজেন্ড চাঁদের হাট, লিজেন্ড নবগঙ্গা, লিজেন্ড গড়াই ও লিজেন্ড মধুমতী দলের মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়।








