বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে। কয়েক সপ্তাহ ধরে থেমে থেমে চলা জল্পনা নতুন করে গতি পেয়েছে। জাতীয় দলে তার ফেরা হবে কিনা, হলে কবে, এই প্রশ্ন এখন ক্রিকেট অঙ্গন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত ছড়িয়ে আছে। দেশসেরা অলরাউন্ডারের ক্রিকেটে ফেরার ব্যাপারে এবার কথা বলেছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ।
ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ’র ইফতার শেষে গণমাধ্যমে ফারুক বলেছেন, ‘সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।’
‘আমি মনে করি যে, আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি, ক্রিকেট বোর্ড খেলোয়াড় সাংবাদিক যারাই আছেন। ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই।’
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফেরেননি সাকিব আল হাসান। ঘরের মাটিতে জাতীয় দল জার্সিতে অবসর নেয়ার ইচ্ছে থাকলেও তা আর হয়নি। দেড়বছর পর তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।








