বয়স মাত্র ১১ বছর, কিন্তু তারপরেও যেন তার ফ্যান ফলোয়ারের সংখ্যা কম নেই! বলছি শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খানের কথা। খুব অল্প বয়সেই ভক্তদের মুগ্ধ করতে শুরু করেছে এই স্টারকিড।
এর আগে ‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবিতে তার কণ্ঠের কাজ দর্শকদের মন কেড়েছিল। আর এবার তার গিটার বাজিয়ে গান গেয়ে ভক্তদের মুগ্ধ করলো এই ক্ষুদে।
সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স-এ আব্রামের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গিটার হাতে বসে জনপ্রিয় গান ‘ডাই উইথ আ স্মাইল’ গেয়েছে।
মঞ্চে তার সঙ্গে আরও কয়েকজন ছিল, তবে আব্রামের উপস্থাপনা আলাদা করে নজর কেড়েছে। কালো টি-শার্ট আর কালো শর্টসে সে যেন নেটপাড়ায় ঝড় তুলেছে। ভিডিওটি সামনে আসতেই অনুরাগীদের ভালোবাসায় ভেসে গিয়েছে আব্রাম।
কেউ বলছেন, ‘অসাধারণ! এত অল্প বয়সে এত প্রতিভা!’ কেউ আবার বলছেন, ‘এই পরিবারের সবাই এত প্রতিভাবান কেন!’ আব্রামের গিটার বাজানো আর মিষ্টি কণ্ঠের প্রশংসায় সোশ্যাল মিডিয়া এখন সরগরম।
কাজের জগতে আব্রামের অভিষেক ইতিমধ্যেই হয়েছে। ‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবির হিন্দি সংস্করণে ‘মুফাসা’-র ছোটবেলার চরিত্রে কণ্ঠ দিয়েছে সে। এই ছবিতে তার বড় ভাই আরিয়ান খান ‘সিম্বার চরিত্রে কণ্ঠ দিয়েছে আর ‘মুফাসা’র চরিত্রে ছিলেন শাহরুখ খান নিজেই। ব্যারি জেনকিন্স পরিচালিত এই ছবিটি ১৯৯৪ সালের অ্যানিমেটেড ক্লাসিক ‘দ্য লায়ন কিং’-এর প্রিক্যুয়েল।









