আন্তর্জাতিক

ধর্মীয় অবমাননার অভিযোগে পাকিস্তানে একাধিক গির্জায় ভাঙচুর

পাকিস্তানে গির্জায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে একাধিক গির্জায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ছবি, ধর্মীয় অবমাননার প্রতিবাদে সংঘর্ষের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

ধর্মীয় অবমাননার অভিযোগে পাকিস্তানের ফয়সালাবাদে একাধিক গির্জা ভাঙচুর করা হয়েছে। অভিযোগ  রয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বী দুই ব্যক্তি পবিত্র কোরআনের অবমাননা করেছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ফয়সালাবাদের জরানওয়ালা তহসিলে হামলাকারীরা একাধিক গির্জা ভাঙচুর করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় খ্রিস্টান নেতা আকমল ভাট্টি বলেছেন, হামলাকারীরা অন্তত পাঁচটি গির্জায় আগুন দিয়েছে এবং বেশকিছু বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র লুট করেছে। জরানওয়ালার যাজক ইমরান ভাট্টি বলেন, ভাঙচুর করা গির্জাগুলোর মধ্যে রয়েছে স্যালভেশন আর্মি চার্চ, ইউনাইটেড প্রেসবিটেরিয়ান চার্চ, অ্যালাইড ফাউন্ডেশন চার্চ এবং ইসা নাগরী এলাকায় অবস্থিত শেহরুনওয়ালা চার্চ।

তিনি বলেন, হামলাকারীরা ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত একজন খ্রিস্টান পরিচ্ছন্নতা কর্মীর বাড়ি ভেঙে দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবিতে দেখা গেছে, গির্জার ভবন থেকে ধোঁয়া উঠছে এবং লোকেরা বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে দিচ্ছে।

পাঞ্জাবের পুলিশ প্রধান উসমান আনোয়ার বলেন, পুলিশ বিক্ষোভকারীদের সাথে আলোচনা করছে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের মুখপাত্র আমজাদ কালিয়ার বলেছেন, এলাকায় রেঞ্জার্স মোতায়েনের জন্য একটি অনুরোধ এসেছে, তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পাকিস্তানে ধর্মীয় অবমাননার দায়ে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যদিও এই অভিযোগে এখন পর্যন্ত কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।

বিষয়:গির্জাচার্চধর্মীয় অবমাননাপাকিস্তানহামলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…