প্রশংসা পাচ্ছে সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের নতুন গান ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’। যে গানে প্রতিধ্বনিত হলো মানুষের লড়াই, মাটির প্রতি ভালোবাসা, আর এক স্বৈরশক্তির পতনের গৌরবগাথা। গানটি প্রকাশ পেয়েছে ১৫ জুলাই দিবাগত রাতে সায়ানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
গানটির কথা ও সুরে উঠে এসেছে ২০২৪ সালের জুলাই-অগাস্টে সংঘটিত ৩৬ দিনের রক্তক্ষয়ী গণআন্দোলনের কথা, যেটি সায়ান বর্ণনা করেছেন “অসামান্য, অপরূপ ও ভয়ংকর”। সেই আন্দোলনের জয়গাথা স্মরণ করতেই তার এই সংগীতপ্রয়াস।
গানটিতে সায়ান গেয়েছেন—“আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু / জুলাইকে কেউ পারবে না নিতে একা / মাটির জন্য লড়াই করেছে মানুষ / সবার সঙ্গে মিছিলে হয়েছে দেখা…” আরও গেয়েছেন—“জুলাই বিক্রি করি না বন্ধু / কেউ কি বলো তো নিজেকে বিক্রি করে? / আমরা সবাই এখানে জুলাই বন্ধু / জুলাই রয়েছে এ মাটির অন্তরে…”।
গানটির ভিডিওতেও উঠে এসেছে চব্বিশ সালের অগ্নিঝরা দিনগুলোর প্রতিচ্ছবি। সেই সময়টাকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে ভবিষ্যতের লড়াইয়ের জন্য নতুন প্রত্যয়ের ডাক দিয়েছেন শিল্পী।
গানটি নিয়ে সায়ান বলেন,“এই লড়াই ছিল দীর্ঘদিনের বিচ্ছিন্ন প্রতিরোধের শেষে এক অদম্য ঐক্যবদ্ধ জনতার অভূতপূর্ব বিজয়। এই গান মানুষের বিজয়ের সেই জুলাই-এর গল্প। আমি এই গান উৎসর্গ করছি পৃথিবীর সকল আন্দোলন-সংগ্রামে যুক্ত সাহসী প্রাণদের, যারা নিপীড়নের বিরুদ্ধে বিশ্বাস রাখে মানুষের প্রতিরোধশক্তিতে, এবং যারা একদিন মানুষের বিজয়ে অটল আস্থা রাখে।”
তিনি আরও বলেন,“আমি মাটি ও মানুষের শক্তিতে বিশ্বাস করি। এই গান আমি উৎসর্গ করছি সেইসব মানুষকে, যারা আগামী দিনের লড়াই লড়বে… তুমুল উদ্যমে।”









