সাত বছর পর যুক্তরাষ্ট্র সফরে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনার পর দুই দেশের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখন সেটি কাটিয়ে নতুন সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।
আজ (১৮ নভেম্বর) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সফর উপলক্ষে বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি ঘোষণা করা হবে। দিনের শেষ হবে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত হোয়াইট হাউসের নৈশভোজে। ট্রাম্প বলেছেন সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ মিত্র।
প্রিন্সের আগমনের আগে ট্রাম্প ঘোষণা করেছেন সৌদি আরবকে এফ ৩৫ যুদ্ধবিমান বিক্রি করা হবে। যদিও প্রশাসনের কিছু অংশ এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা চীন উন্নত প্রযুক্তি পেতে পারে এবং ইসরায়েলের সামরিক ভারসাম্য ব্যাহত হতে পারে। তবে ট্রাম্প মনে করেন সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের উদ্যোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তাব অনুমোদন করেছে যা ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করতে পারে। সৌদি আরব জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।
দুই দেশের আলোচনায় গাজা যুদ্ধবিরতি বজায় রাখা ইরানের প্রভাব মোকাবেলা সুদানের গৃহযুদ্ধ এবং সৌদি আরবের নিরাপত্তা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আলোচনা হবে। সৌদি যুবরাজের লক্ষ্য দেশের অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে সরিয়ে প্রযুক্তি খনন পর্যটনসহ নতুন খাতে বহুমুখী বিনিয়োগ। সফরে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয় বহুবিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা হতে পারে। নাগরিক পারমাণবিক সহযোগিতার চুক্তিও আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ও সৌদি সরকারের কট্টর সমালোচক জামাল খাশোগি তুরস্কে সৌদি কনস্যুলেটে নিহত হন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ধারণা প্রকাশ করেছিল যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই অভিযানে ভূমিকা রেখেছিলেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
বর্তমান পরিস্থিতিতে বিষয়টি আলোচনায় খুব গুরুত্ব পাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। দুই নেতা প্রধানত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনায় মনোনিবেশ করবেন।









