ক্যামেরুন ও বার্সেলোনার হয়ে দাপটে খেলা স্যামুয়েল ইতো এখন ক্যামেরুন ফুটবল ফেডারেশন সভাপতি। শাস্তির মুখোমুখি হয়ে শিরোনামে এলেন। কনফেডারেশন আফ্রিকান ফুটবল (কাফ) তাকে জাতীয় দলের পরের চার ম্যাচে উপস্থিত না থাকার নিষেধাজ্ঞা দিয়েছে। আফ্রিকান কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনাল চলাকালীন রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, সেটি সঠিক ছিল না, তাই সিদ্ধান্ত নিয়েছে কাফ। তাকে জরিমানাও করা হয়েছে।
কাফের শৃঙ্খলা কমিটি বুধবার সিদ্ধান্ত জানায়, কারণ হিসেবে দেখায় ইতোর অখেলোয়াড়ি আচরণ। নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্ত হয়েছে ২০ হাজার মার্কিন ডলার জরিমানা। এক্সপ্রেস শৃঙ্খলাভিত্তিক অর্থাৎ যা দ্রুততম কার্যকারী প্রক্রিয়া, এরমাধ্যমে নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। ফলে ৫ দিনের মধ্যে শাস্তি কার্যকর করতে সক্ষম হয়েছে আফ্রিকার অভিভাবক ফুটবল সংস্থা।
ঘটনার সূত্রপাত আফ্রিকার কাফ অব ন্যাশনসের কোয়ার্টার ফাইনালে ক্যামেরুন ও মরক্কো ম্যাচে। মরক্কোর বিপক্ষে ২-০ গোলে হারের পর ঘটে ঘটনাটি। মাঠে বসে রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া দেখান ইতো।
অবশ্য ক্যামেরুন ফুটবল ফেডারেশন কোনভাবেই এ শাস্তি মেনে নিতে রাজি নয়। বিবৃতিতে দেশটির ফুটবল সংস্থা জানিয়েছে, এটি অযৌক্তিক এবং তারা আইনি লড়াই করবে। ফেডারেশনের মতে, কাফ এ সিদ্ধান্ত নিতে যে দ্রুত প্রক্রিয়া অনুসরণ করেছে, সেটি ন্যায়বিচারের মৌলিক নীতির উপর প্রশ্ন তোলে।








