চ্যানেল আই সেরা কণ্ঠ’র মঞ্চে ২০১৭ সালের সেমিফাইনাল রাউন্ডে ছিলেন যায়ান আবেদিন। সেই আসরের বিচারক ছিলেন গুণী কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। ক্যারিয়ারে প্রথম প্লেব্যাকের সুযোগটা তার সঙ্গেই পেলেন যায়ান। সম্প্রতি দেশ বরেণ্য এই শিল্পীর সঙ্গে ডন অব এশিয়া ছবিতে গাইলেন তরুণ এই শিল্পী।
গানটির গীতিকার শ্রাবণী মজুমদার। সুর ও সংগীতায়োজন করেছেন আইয়ুস দাস (ভারত)। ‘রেকর্ড স্টুডিও বাজনা’তে গানটির রেকডিং সম্পন্ন হয়েছে। ‘ডন অব এশিয়া’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাবুল রেজা। এটি প্রযোজনা করেছেন কার্তিক রঞ্জন শীল।
যায়ান বলেন, চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ পাওয়ার চাইতে আনন্দ লাগছে দেশবরেণ্য সংগীতশিল্পী সামিনা চৌধুরী ম্যামের সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করতে পেরে। এমন একজন শিল্পীর সঙ্গে গান গাইতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। শুরুতে ভয় লাগছিল, কিন্তু তিনি নার্ভাসনেস কাটিয়ে দেন।
তিনি আরও বলেন, রেকর্ডিংয়ে কীভাবে আবেগ দিয়ে গাইতে হয় ম্যাডান শিখিয়েছেন। প্লেব্যাকে আমার প্রথম শুরুটা এমন সুন্দর হবে তা ভাবতেও পারিনি। তিনি চ্যানেল আই সেরাকণ্ঠে আমার বিচারক হিসেবে ছিলেন। তার সঙ্গে চলচ্চিত্রের গানে আমার অভিষেক হচ্ছে তা সত্যি আনন্দের ব্যাপার।








