খালি পায়ে ছুটছেন সালমান, কপালে লাল তিলক, পরনে চেক শার্ট ও ডেনিম প্যান্ট। চোখেমুখে চিন্তার ছাপ। সম্প্রতি সমাজমাধ্যমে সালমানের এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
কিন্তু কী হয়েছে ভাইজানের? আসল কারণ প্রকাশ্যে আসার পরেই কটাক্ষে বিদ্ধ হলেন তিনি।
মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের গণেশপূজায় গিয়েছিলেন সালমান খান। বান্দ্রায় পূজার আয়োজন হয়েছিল। সেই পূজারই বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে সালমানের খালি পায়ে দৌড়োনোর ভিডিওটিও ভাইরাল।
বলি তারকাকে ঘিরে ছিলেন তার দেহরক্ষীরা। গণেশমূর্তির সামনে দাঁড়িয়ে তিনি আশীর্বাদ প্রার্থনা করেছেন এই দিন। হাতজোড় করে পূজাও করেছেন বান্দ্রার এই পূজামণ্ডপে এবং তার পরে প্রসাদ খেয়েছেন। মাথায় তিলকও পরেছেন।
একদল অনুরাগী তাকে দেখে মুগ্ধ হয়েছেন। কিন্তু ধেয়ে এসেছে কটাক্ষও। কেউ বলেছেন, “সালমান কি নিজের ধর্ম ভুলে গেলেন?” কেউ আবার খোঁচা দিয়ে বলেছেন, “বিশ্নোইদের থেকে বাঁচতেই কি এমন করছেন ভাই?” কারও তির্যক মন্তব্য, “সালমানও এবার নিজের পদবিটাই বদলে নিক বরং।”
তবে এসব মন্তব্যে কোন গুরুত্ব দেননি ভাইজান। তিনি বরাবরই ধর্মনিরপেক্ষ হিসাবেই পরিচিত। যে কোন উৎসবেই তিনি সম্প্রীতির বার্তা দেন। ঈদ হোক বা দীপাবলি, তার বাড়িতে সব উৎসবই সমান ভাবে উদ্যাপন করা হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের বাবা সেলিম খানও জানিয়েছেন, তিনি বড় হয়েছেন হিন্দু এলাকায়। তাই হিন্দুদের রীতিনীতি সম্পর্কে তিনি অবগত। তার উপরেও রয়েছে সেই প্রভাব। তাই বাড়িতে গত ১৫ বছর ধরে রয়েছে বড় গণেশমূর্তি। সালমানের বাড়িতেও প্রতি বছরের মতো এবারও গণেশপূজা হয়েছে।- এনডিটিভি









