যুক্তরাষ্ট্র-কানাডা-যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত ছয় প্রবাসী ফুটবলার নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের জাতীয় ও বয়সভিত্তিক দলে খেলা দুই ভাই কুইন ও কাভান সুলিভান ব্রাদার্সের অপর দুই ভাই ডেকলান ও রোনান সুলিভান খেলবেন লাল-সবুজদের হয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এ তথ্য জানিয়েছেন।
সাফের এ আসরে প্রধান কোচের ভূমিকায় থাকবেন আয়ারল্যান্ডের নাগরিক ও ম্যানচেস্টার ইউনাইটেডে কোচিং করানো মার্ক কক্স। এশিয়ান ফুটবলের বয়সভিত্তিক পর্যায়ে ও যুক্তরাজ্যে কোচিং করানোর অভজ্ঞতা রয়েছে তার। মাত্র এক মাসের জন্য নিয়োগ দেয়া হয়েছে তাকে। মার্ক কক্স উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ। গোলাম রাব্বানি ছোটনের কোচিং প্যানেলের সহকারী আরও দুই কোচ থাকবেন কক্সের সাথে।
বাফুফে সহ-সভাপতি জাহেদী জানান, ‘যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে বাংলাদেশ দল দুই সপ্তাহ ট্রেনিং ক্যাম্প করেছে। উদ্দেশ্য এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের শিরোপা জিততে চাওয়া। ১৫ তারিখ থেকে ঢাকায় পাঁচ-ছয় দিনের ক্যাম্প করবে তারা। ২১ তারিখ মালদ্বীপ যাবে দল। ২৩ তারিখ আমাদের প্রথম খেলা।’
‘দুই গ্রুপ হবে এবারের আসরে, যেখানে বাংলাদেশের গ্রুপে থাকবে পাকিস্তান ও ভারত। অন্য গ্রুপটিতে থাকবে চার দল। ১৪ তারিখ খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেবেন, তারা থাকবেন জাতীয় দলের সাথে একই হোটেলে। সেখানে তাদের জাতীয় দলের আবহাওয়া দেয়ার চেষ্টা করা হবে। জাতীয় দল বা লিগের দুইটা দলের সঙ্গে অনুশীলন ম্যাচ আয়োজন করার ইচ্ছা আছে।’
দলের ম্যানেজার হিসেবে থাকবে সামিদ কাসেম। প্রবাসী খেলোয়াড়দের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘৬ জন প্রবাসী ফুটবলারের মধ্যে সবাই নিশ্চিত করেছেন তারা জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। তার মধ্যে চারজন নিশ্চিত করেছেন তারা কবে আসবেন। আপনারা জানেন, বর্তমান অবস্থার কারণে ফ্লাইট নিয়ে সমস্যা হচ্ছে। তারা হচ্ছেন যুক্তরাজ্যের ইব্রাহিম নাওয়াজ , কানাডার সুশত মণ্ডল। এছাড়া ফারজাদ আফতাব, আমির সামি, ডেকলান সুলিভান এবং রোনান সুলিভান যুক্তরাষ্ট্রের।’







