‘বজরঙ্গি ভাইজান’ এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিলেন সালমান

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও অতিথিরা একসাথে ছবি তুলেছেন, যেখানে তারা হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
২০১৫ সালে মুক্তি পেয়েছিল বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। যেটি ছিল তার দীর্ঘ ফিল্ম ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমার একটি। এবার ঘোষণা এলো সেই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের।
রবিবার (১৯ ডিসেম্বর) এস এস রাজামৌলি পরিচালিত আসন্ন ‘আরআরআর’ সিনেমার প্রি-রিলিজ ইভেন্ট চলাকালীন ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল এর ঘোষণা দিয়েছেন সালমান। সিক্যুয়েলটি লিখবেন এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।
উক্ত প্রি-রিলিজ ইভেন্টে সালমান রাজামৌলি এবং ‘আরআরআর’ টিমকে সমর্থন করার জন্য উপস্থিত ছিলেন এবং এই সময়ে তিনি ‘বজরঙ্গি ভাইজান’ এর সিক্যুয়েলে ঘোষণা দেন তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন ‘আরআরআর’ ছবির অভিনেতা জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট, অজয় দেবগন, করণ জোহর সহ ছবিটির পুরো টিম।
এর আগেও কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ই সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ র গল্প লিখেছিলেন। ছবিটির পরিচালনা করেছিলেন কবীর খান। সালমান ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন কারিনা কাপুর এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়াও ছবিতে ছোট্ট মুন্নির অভিনয় সবার হৃদয় ছুঁয়ে গিয়েছিল।
সালমান ছবিটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিলেও কাস্টিংয়ের বিষয় নিয়ে মুন্নি ব্যতিত আর কারো নাম এখনো প্রকাশ্যে আনেননি। এখন দর্শকদের শুধু বড় পর্দায় ছবিটির সিক্যুয়েল উপভোগ করার অপেক্ষা।







