পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের বনিবনা হচ্ছিল না। কাতার বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে বিস্ফোরক এক সাক্ষাৎকারে সিআর সেভেন বলেন অনেককিছুই। তার আগেই দল থেকে বাদ পড়তে থাকেন ৩৭ বর্ষী ফুটবলার, বিশ্বকাপের মাঝে তাকে চুক্তিরও ইতি টানতে হয় ইউনাইটেডের সঙ্গে।
দ্বিতীয় দফায় ইউনাইটেডে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে যাওয়া নিয়ে মুখ খুলেছেন রোনালদো। ওল্ড ট্রাফোর্ড ছেড়ে যাওয়াকে ক্যারিয়ারের বাজে সময় বলেছেন।
বৃহস্পতিবার রাতে লিচেনস্টেইনের বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচ খেলবে পর্তুগাল। খেলার আগেরদিন সংবাদ সম্মেলনে রোনালদো বলেছেন সেই বাজে অধ্যায় নিয়ে।
‘এই জীবনে অনুশোচনার কোন সময় নেই। আমরা ভালো খারাপ যেমনই হই না কেন, এটা জীবনের অংশ। আমরা যখন পাহাড়ের চূড়ায় থাকি, তখন নিচে কী আছে তা দেখা কঠিন। অনেক সময় আমি তা দেখতে পারিনি। মনে হয় আমি এখন আরও ভালোভাবে প্রস্তুত। কারণ কিছু জিনিস দেখতে পাচ্ছি। আমি এখন একজন ভালো মানুষ।’
‘আমি মনে করি যে জীবনের সবকিছু একটি কারণে ঘটে। প্রায়ই কিছু কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞ থাকি। তখন দেখতে পাই কঠিন সময়ে কে আমার পাশে আছে। এটি আমার ব্যক্তিজীবন ও পেশাগত জীবনকে ভালো অবস্থানে নিয়ে গেছে।’
রেড ডেভিলদের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। কোচ এরিক টেন হাগ, ওয়েন রুনি, গ্যারি নেভিলদের নিয়ে করেছিলেন বিস্ফোরক মন্তব্য। সেটি দৈর্ঘ্য-প্রস্থ ছাপিয়ে অনেকদূর জল গড়িয়েছিল। এরপর ক্লাবটি দেয় সম্পর্ক ছিন্নের ঘোষণা।
মৌসুমের মাঝপথে ক্লাব ছাড়ার প্রতিক্রিয়ায় রোনালদো বলেছিলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডকে এবং ভক্তদের ভালোবাসি। সেটা কখনো বদলাবে না। যাই হোক, মনে হচ্ছে এটা নতুন চ্যালেঞ্জ সন্ধানের সঠিক সময়। মৌসুমের বাকি সময় ও ভবিষ্যতের জন্য দলের সফলতা কামনা করি।’
ইউনাইটেড জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। রেড ডেভিলদের হয়ে দুই মেয়াদে তিনবার প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, একবার করে এফএ কাপ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর্তুগিজ উইঙ্গার।








