সামাজিক যোগাযোগ মাধ্যম সদা সরব ক্রিস্টিয়ানো রোনালদো ইউটিউবে চ্যানেল খুলে বিশ্বরেকর্ড গড়েছেন। চ্যানেলটি খোলার প্রায় ৯০ মিনিটের মধ্যে এক মিলিয়ন তথা ১০ লাখের বেশি গ্রাহক সংখ্যা ছাড়িয়ে যায়। আগের রেকর্ডটি ছিল সাত দিনে এক মিলিয়নের রেকর্ড।
নিজের ইউটিউব চ্যানেলের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিআর সেভেন লিখেছেন, ‘অপেক্ষার অবসান হয়েছে। আমার ইউটিউব চ্যানেল প্রস্তুত হয়েছে। আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নতুন যাত্রায় যোগ দিন।’
পর্তুগীজ মহাতারকার চ্যানেল ‘ইউআর ক্রিস্টিয়ানো’ পোস্টের দুই ঘণ্টা পর গ্রাহক সংখ্যা ১.৬৯ মিলিয়ন ছাড়িয়ে যায়। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রোনালদোর রাজত্ব বহু পুরনো।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর এক্স হ্যান্ডল অনুসারী সংখ্যা ১১২.৬ মিলিয়ন, ফেসবুকে সে সংখ্যা আরও বেশি ১৭০ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে সবার চেয়ে বেশি ৬৩৬ মিলিয়নের বেশি।









