ক্রিকেট

নেতৃত্বে বাবরের চেয়ে এগিয়ে রোহিত

বলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনুস খান

বাংলাদেশের ক্রিকেট ম্যাচে রোহিত শর্মা ও বাবর আজমের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে খেলছেন, দর্শকরা দর্শকাসনে বসে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, আলোচনার পারদ ততই তুঙ্গে— টি-টুয়েন্টি বিশ্বকাপে হারের বদলা ভারত নিতে পারবে কিনা পাকিস্তানের বিপক্ষে, নাকি আরও একবার হার মানবে, এমন প্রশ্ন চাউর হয়েছে তারও আগেই। সম্ভাবনা কিংবা শক্তিমত্তার বিচার ছাপিয়ে আলোচনা-সমালোচনা ঘুরেফিরে জয়-পরাজয়ে ঠেকছে।

প্রেক্ষাপট একই থাকলেও একটু ভিন্নভাবে বিষয়টি সামনে এনেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনুস খান। ভারত নাকি পাকিস্তান জিতবে, সেই তর্কে জড়াননি ওয়ানডে বিশ্বকাপজয়ী তারকা। তার হিসেবের খেরোখাতায় অন্যতম ইস্যু অধিনায়কত্ব। বাবর আজম ও রোহিত শর্মা, অভিজ্ঞতা এবং দলের শক্তির বিচারে কে কার চেয়ে এগিয়ে সেটি নিয়ে বলেছেন তিনি।

টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে দুর্দান্ত সব সাফল্য এনে দেয়া স্বদেশি বাবরকে ২০ ওভারের ক্রিকেটে একটু পিছিয়েই রাখছেন ইউনুস। কারণ যদিও বলেননি, তবে রোহিতের পক্ষে রেখেছেন একগাদা যুক্তি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার শিরোপা জেতানো, শক্তিশালী সব অধিনায়কের অধীনে খেলা এবং দলের গভীরতার বিচারের মতো কিছু কারণে ইউনুসের চোখে বাবর নন, সেরা অধিনায়ক রোহিতই।

‘অধিনায়কত্ব জ্ঞানে বাবরের চেয়ে উপরে থাকবেন রোহিত। তিনি ভারত জাতীয় দলে অনেকদিন যাবত আছেন এবং দারুণ কয়েকজন অধিনায়কের অধীনে খেলেছেন। সেইসব অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখবে।’ বলেছেন ইউনুস খান।

দলের প্রয়োজনে নিজেদের কাজটা দুজনই ঠিকঠাক করতে পারেন বলেও মানছেন ইউনুস, ‘বড় রানের প্রয়োজনে রোহিত এবং বাবর কতটা প্রয়োজনীয় সেটা সবার জানা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা নিজেদের পারফরম্যান্সে বড় ভূমিকা রাখতে পারেন।’

এবারের এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতে ২৮ আগস্ট মুখোমুখি হবে রোহিত-বাবরের দল। টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শেষবারের দেখায় ১০ উইকেটে হেরেছিল ভারত। এরপর এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের গ্রুপপর্বে দেখা হচ্ছে আবারও।

বিষয়:ইউনুসএশিয়া কাপ ২০২২পাকিস্তানবাবরভারতরোহিত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…